ডিসেম্বরে প্রবাসী ডাটাবেজ চালু
প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য আলাদা ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ফেরত আসা প্রবাসীদের তথ্য সন্নিবেশনের মাধ্যমে চালু হবে এই ডাটাবেজটি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে এই তথ্য নিবন্ধন প্রক্রিয়া।
সূত্রমতে, ডেটাবেজটিতে দেশে ফেরা প্রত্যেক প্রবাসীর নাম, ঠিকানাসহ কতদিনের জন্য এসেছেন, কত বছর পর এসেছেন, কতবার এসেছেন, একেবারে চলে এসেছেন কিনা এসব তথ্য থাকবে। আর এই তথ্যের ভিত্তিতেই প্রবাসীদের সঠিক ডাটাবেজ তৈরি এবং বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসন কাজ পরিচালনা করা হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারের কাছে ফেরত আসা প্রবাসীদের কিছু তথ্য আসে, সীমান্ত ও ইমিগ্রেশন থেকে। কিন্তু এটা যথেষ্ট নয়। তাই বিদেশ থেকে ফেরত আসা কর্মী বা প্রবাসীদের সঠিক কোনো ডাটা সরকারের কাছে নেই। তাই এলক্ষ্যে সরকার একটি রূপকল্প বাস্তবায়ন করছে। এতে সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার তৈরি করে দেবে। যেখানে ফেরত আসা সব প্রবাসীর তথ্য থাকবে। যা নিয়ন্ত্রণ করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
জানাগেছে, গত জুলাই মাসের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ করার কথা থাকলেও বৈশ্বিক অস্থিরতার কারণে তা আলোর মুখ দেখেনি। ফলে প্রকল্প বাস্তবায়নের জন্য দুই মাস সময় বাড়ানো হয়। সে হিসেবে নভেম্বরে চালু করার কথা থাকলেও ডিসেম্বর নাগাদ এই ডেটাবেজটি চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।